বেরোবির সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ কর্মশালায় পুলিশ কমিশনারের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
প্রকাশের সময়: 04 Aug, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর স্নাতক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সাপোর্ট অফিস (SSO)-এর উদ্যোগে অনুষ্ঠিত "সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার অপরাধ প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে সংঘটিত হচ্ছে। তাই অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, ভুয়া পরিচয়, এআই (AI) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।


তিনি উল্লেখ করেন, সাইবার অপরাধের শিকার হলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আইনগত প্রতিকার গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাদী হিসেবে মামলা দায়ের করা। যথাযথ অভিযোগ পাওয়া গেলে আইন প্রয়োগকারী সংস্থা প্রযুক্তিনির্ভর তদন্ত, ডিজিটাল ফরেনসিক এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অপরাধী শনাক্ত ও আইনের আওতায় আনতে সক্ষম।


পুলিশ কমিশনার আরও বলেন, কোনো ডিজিটাল ডিভাইস থেকে তথ্য মুছে ফেলা হলেও আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রযুক্তির মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার করা সম্ভব। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি কনটেন্ট এবং প্রকৃত ডিজিটাল তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রেও বিশেষজ্ঞ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।