ভেজাল ঘি ও বাটার অয়েল তৈরির কারখানায় অভিযান, ৫ মণ ভেজাল ঘিসহ ১ জন গ্রেফতার
প্রকাশের সময়: 22 Feb, 2026

প্রেস রিলিজ

তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
বিষয়: ভেজাল ঘি ও বাটার অয়েল তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ ভেজাল পণ্যসহ ১ জন গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে ভেজাল ঘি ও বাটার অয়েল প্রস্তুত ও বাজারজাতকরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও সরঞ্জাম জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২০২৬ খ্রি. তারিখ বেলা ২টা ১৫ মিনিটে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন ওয়ার্ড নং-১৩, দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড়, লাবুর মিল বাজার সংলগ্ন একচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। উক্ত ঘরটি মাইদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ভেজাল পণ্য প্রস্তুতের কাজে ব্যবহার করছিল।

অভিযানকালে নিম্নোক্ত আলামত জব্দ করা হয়ঃ

  • চার কার্টুন ভেজাল “গ্রীন সিটি গাঁওয়া ঘি” — মোট ১২০টি টিন (প্রতি টিন ৯০০ গ্রাম), সর্বমোট প্রায় ১০৮ কেজি।
  • দুই কার্টুন ভেজাল “গ্রীন সিটি কাউ বাটার অয়েল” — মোট ৬০টি টিন (প্রতি টিন ৯০০ গ্রাম), সর্বমোট প্রায় ৫৪ কেজি।
  • ১ লিটার প্লাস্টিক বোতলে সংরক্ষিত “GHEE FLAVOUR (FOOD GRADE)” তরল পদার্থ (বর্তমান ওজন প্রায় ৭০০ গ্রাম)।
  • ৫ লিটার ধারণক্ষমতার প্লাস্টিক ড্রামে সংরক্ষিত কথিত ঘি।
  • প্রায় ৮০০ গ্রাম রং দানা (পলিব্যাগে সংরক্ষিত)।
  • বিদ্যুৎচালিত দেশীয় লোহার সেভিং মেশিন, একটি গ্যাস সিলিন্ডার, একটি সিঙ্গেল গ্যাসের চুলা এবং একটি সিলভার রঙের ছোট পাতিল।

উদ্ধারকৃত টিনগুলোর গায়ে বিএসটিআই-এর সীল ও নির্ধারিত মূল্য মুদ্রিত থাকলেও প্রাথমিক তদন্তে এগুলো ভেজাল ও অবৈধভাবে প্রস্তুত বলে প্রতীয়মান হয়।

গ্রেফতারকৃত আসামির নাম:
মোঃ মাইদুল ইসলাম (৩০), পিতা-মৃত হোসেন আলী, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-আদম গনেশের খামার, ওয়ার্ড-০৭, ইউপি-ছাওলা, থানা-পীরগাছা, জেলা-রংপুর।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জনস্বার্থে এ ধরনের ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণকে সন্দেহজনক খাদ্যপণ্য প্রস্তুত বা বাজারজাত সংক্রান্ত তথ্য নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

— জনসংযোগ শাখা
রংপুর মেট্রোপলিটন পুলিশ