নাবালিকা অপহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার
প্রকাশের সময়: 06 Feb, 2026

প্রেস রিলিজ

রংপুর মেট্রোপলিটন পুলিশ

তারিখঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ


বিষয়ঃ নাবালিকা অপহরণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার


রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় কোতয়ালী থানার একটি চৌকস টিম রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি গুরুত্বপূর্ণ মামলার আসামীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।


সূত্রে জানা যায়, কোতয়ালী থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০২/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৭/৩০ এর আলোকে এজাহারনামীয় ১নং আসামী মোঃ আহসান হাবিব রমিও (৩৩), পিতা-মোঃ রাশেদুল ইসলাম, সাং-দক্ষিগঞ্জ, থানা-কোতয়ালী মেট্রো, রংপুর মহানগরকে গত ০৫/০২/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় ঢাকার বসিলা গার্ডেন সিটির একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়। একই সময় ভিকটিম নাবালিকা'কে উদ্ধার করা হয়।


প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামী বিবাহিত হওয়া সত্ত্বেও ভিকটিমকে বিবাহের প্রলোভনে ফুসলিয়ে দীর্ঘদিন ধরে তার শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। গত ০২/০২/২০২৬ খ্রিঃ সকালে ভিকটিম নিখোঁজ হলে পরিবার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপহরণের ঘটনা নিশ্চিত হয়।


গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে প্রেরণের আবেদন করা হয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


— মিডিয়া সেল

রংপুর মেট্রোপলিটন পুলিশ